ডাক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- প্রকাশকাল ০৩:২৪:৫৬ এএম, শুক্রবার, ২৮ মে ২০২১ ২১১ পাঠক
রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে নির্মিত নতুন ডাক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন এ ভবনটির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রত্যেক ডাকঘরকে ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছৈ। ডাক বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাকসেবা কীভাবে উন্নত করা যায় সে ব্যবস্থা নেয়া হয়েছে।’
এর আগে ডাক বিভাগের নতুন ভবন উদ্বোধন স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ স্বাস্থ্যবিধি মেনে ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।
১৯৭১ সালের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকেই তৎকালীন ঢাকা জিপিও ভবনের কয়েকটি কক্ষ নিয়ে ডাক অধিদফতরের যাত্রা শুরু হয়। তীব্র স্থান সংকটের মধ্যেও স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ঢাকার গুলিস্তানে অবস্থিত ঢাকা জিপিও ভবনের তৃতীয় তলায় ডাক অধিদফতরের প্রশাসনিক সদর দফতরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এ অবস্থায় ডাক অধিদফতরের সদর দফতর হিসেবে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও নান্দনিক স্বতন্ত্র ডাক ভবন স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২০ মার্চ একনেক সভায় ডাক ভবন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়।
আগারগাঁওয়ে প্রায় পৌনে ১ একর জায়গার ওপর ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ডাক বিভাগের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নতুন এ অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ভবনটি নির্মাণ করা হয়েছে।






















