খুলনা বিভাগে করোনায় একদিনে ২৮ মৃত্যু
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৯:৪০:২৩ এএম, রবিবার, ২৭ জুন ২০২১ ২৬০ পাঠক
খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। কোনোভাবেই যেন থামছে না মৃত্যুর মিছিল। প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে করোনার তাণ্ডব।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন।
রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় পাঁচজন, বাগেরহাটে পাঁচজন, যশোরে চারজন, নড়াইলে চারজন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন এবং মেহেরপুরে দুইজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮১ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।
























