মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে সংক্রমিত মানুষের সংখ্যা ২২ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩২৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৭ লাখ ১৩ হাজার ৫৯০ জন মানুষ। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ৬৫ লাখ ৭ হাজারের বেশি মানুষ।
গত একদিনে করোনায় প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন ৫ হাজার ৬৭৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৭ হাজার মানুষ।
সোমবার সকাল সাড়ে ৮টায় করোনাবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৬১৯ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ২ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৪১৬ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৩৪ জনের।
তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৫১ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১৩ হাজার ৮৮১ জন। এদের মধ্যে ১৪০৩ জনের অবস্থা গুরুতর।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে।
তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশের অবস্থা আবারও খারাপ হচ্ছে।