সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুলকেটে দেওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন বাতেনকে বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের মত অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেন। প্রায় ২ শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের গেটের সামনে অবস্থান করে বিক্ষোভ করেছেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এই শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করছি। তাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
অপরদিকে, একই দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত না করা পর্যন্ত এই অনশন চলবে বলেও ঘোষণা দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি আব্দুল লতিফ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। সভায় ফারহানার বিষয় নিয়ে আলোচনা হবে। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে, নাকি অন্য শাস্তি প্রদান করা হবে, সে বিষয়টি আলোচনা করা হবে।
প্রসঙ্গত গত রোববার বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠার পর শিক্ষক ফারহানাকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।