বঙ্গোপসাগরের মংলা ফেয়ারওয়েবয় এলাকা থেকে ডুবে যাওয়া এম ভি বিউটি অব লোহাগড়া-২ লাইটার জাহাজ থেকে ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার সকালে মোংলা ফেয়ারওয়েব এলাকা থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়। তারা সুস্থ ও নিরাপদে রয়েছেন।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মিডিয়া উইং মিরাজ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া-২ লাইটার জাহাজ।
পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে জাহাজটি। এসময় খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে।
পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ ‘ এম ভি দেশ দিগন্তে’ উঠিয়ে দেয় কোস্টগার্ড। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গিয়েছিল। বন্দরের বহির্নোঙরে থাকা বড় একটি জাহাজ থেকে ইস্পাতশিল্পের কাঁচামাল নিয়ে লাইটার জাহাজটি বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিল। হঠাৎ জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা ১৩ নাবিক-শ্রমিক আরেকটি বোটের সহায়তায় তীরে উঠে আসে।