দক্ষিণ তাওয়ানের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪১ জন।
বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাওসিউং শহরের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ৩টার দিকে ১৩ তলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৫৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যাদের মধ্যে ১৪ জনের বেঁচে থাকার কোনো চিহ্ন ছিল না।
দেশটির ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জানান, ঘটনাস্থল থেকে কমপক্ষে ১১ জনকে সরাসরি মর্গে পাঠানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে।
দেশটির ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনটি অত্যন্ত ভয়াবহ ছিল এবং ভবনের অনেক তলা ধ্বংস করে দিয়েছে।
১৩ তলা ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরানো। যার নিচে দোকান ও ওপরে অ্যাপার্টমেন্ট রয়েছে।
কাওসিউংয়ের দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনে তল্লাশি চালিয়ে ৪৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ভবনটির একাংশ পরিত্যক্ত ছিল, সেখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ ও সিনেমা হল ছিল বলে জানিয়েছেন মেয়র চেন চি-মাই।
কী কারণে আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্বীপটির সরকার।