সিনিয়র ব্যাচের শিক্ষার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১২তম এবং ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বাঁধন, ১২তম ব্যাচের আরেক শিক্ষার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করেন। এর পরে ১২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বাঁধনকে তার রুমে গিয়ে শাসায়। এ ঘটনার পরে বাঁধন কুমিল্লা থেকে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে হল থেকে চলে যায়।
পরবর্তীতে এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাঁধনের বেশ কয়েকজন বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাফীকে মারধর করতে থাকেন।
এই ঘটনায় দুই ব্যাচ মারমুখী হয়ে উঠলে দত্ত হলের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মাজেদের কক্ষে নিয়ে যায়। সেখানে পুনরায় তাদেরকে মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটে।
‘তুমি’ বলে সম্বোধন ও শাসানোর বিষয়ে জানতে রিয়াজুল ইসলাম বাঁধনকে ফোন দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত বলেন, আমি জেনেছি কথা-কাটাকাটির জেরে দুই ব্যাচের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে সাংগঠনিকভাবে তাদেরকে মিটমাট করে দিয়েছি।
এ বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এসবি