চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল অরোহী নিহত ও আহত হয়েছেন অপর অরোহী।
রোববার সকালে গোমস্তাপুর-রহনপুর সড়কে সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হৃদয় (২১) গোমস্তাপুরের কাশিপুর গ্ৰামের নাসিম রেজা ওরফে মোবেলের ছেলে। আহত মো. অনিক (১৯) ফকিরপাড়া গ্ৰামের আজিজুর রহমানের ছেলে।
আহত অনিককে স্থানীয় মহানন্দা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন বেলাল উদ্দিন জানিয়েছেন, মোটরসাইকেলে হৃদয় গোমস্তাপুর থেকে রহনপুরে যাওয়ার পথে নিমতলা কাঁঠাল নামক স্থানে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন জানিয়েছেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর সিএনজি অটোরিকশাটিকে থানায় আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন মো. জালাল উদ্দিন।