নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন মুসল্লি নিহত হয়েছেন।
সোমবার ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর রয়টার্স ও ইন্ডিয়া টুডের
দেশটির নাইজার রাজ্যের মাশেগু স্থানীয় সরকার এলাকার মাজাকুকা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা, জাতিগত ফুলানি যাযাবর পশুপালক বলে ধারণা করা হয়, তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। তারা আসার পরপরই মসজিদের ভেতরে ঢোকে এবং নামাজিদের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়।
হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নাইজারের পুলিশ কমিশনার সোমবার কুরিয়াস জানান, গ্রামবাসী এবং ফুলানি পশুপালক দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।